শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশিত : ১১:১৭ অপরাহ্ন শনিবার, ১৮ জুলাই ২০২৬
অনলাইন ডেস্ক: ফুটবল বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি কি তবে বিশ্বকাপের মঞ্চ থেকে চিরবিদায় নিতে চলেছেন? ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের মুহূর্তে মেসির নতুন একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এমন জল্পনাই এখন তুঙ্গে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন স্পেনের বিরুদ্ধে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে প্রস্তুত, তখন মেসির এই আবেগঘন ভিডিও ও তার সঙ্গে লেখা বার্তা যেন এক দীর্ঘ যাত্রার সমাপ্তি সূচক অধ্যায়। দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য মুহূর্ত ভক্তদের উপহার দিয়েছেন মেসি, তবে এবার যেন প্রেক্ষাপটটা পুরোপুরি আলাদা। নিজের সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ ভিডিও পোস্ট করে মেসি লিখেছেন, শুরুতে থেকেই তোমরা আমার সঙ্গে ছিলে। চলো, আরও একবার শেষ চেষ্টা করি। এই বিশ্বকাপেই আমার ‘এল উলতিমো ট্যাঙ্গো’ অ্যাডিডাস বুট পরে নামছি।
মেসির এই ছোট বার্তায় লুকিয়ে আছে গভীর আবেগ। অ্যাডিডাস ফুটবল এবং মেসির দুই দশকের দীর্ঘ পথচলা এবং ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে তার অভিষেকের মুহূর্তগুলোকে এই প্রচারণায় দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ এই ‘এল উলতিমো ট্যাঙ্গো’ এফ৫০ বুটগুলো মূলত ২০০৬ সালে পরা মেসির প্রথম বুটের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। সাদা রঙের ওপর আর্জেন্টিনার নীল এবং সোনালি রঙের ছোঁয়া দেওয়া এই বুটগুলো যেন মেসির ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত দীর্ঘ সফলতার প্রতীক। স্পেনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচটিই যে বিশ্বকাপের মঞ্চে তার শেষ উপস্থিতি হতে যাচ্ছে, তা এই বুটের নাম থেকেই কার্যত নিশ্চিত হওয়া যাচ্ছে।
ফুটবলপ্রেমীদের কাছে এই ভিডিওটি শুধু একটি বিজ্ঞাপন নয়, বরং এক মহানায়কের রাজকীয় বিদায়ের সুর। বিশ্বকাপের হাইলাইটস ছাপিয়ে এই ভিডিওটি তুলে ধরেছে এক দীর্ঘ বর্ণময় ক্যারিয়ারের পথচলা। আর্জেন্টিনার হয়ে আরেকটি বিশ্বকাপ জয়ের হাতছানি যখন মেসির সামনে, তখন এই আবেগঘন বার্তা ফুটবল বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে গেছে। মুহূর্তের মধ্যেই সেই পোস্টে লক্ষাধিক প্রতিক্রিয়া জানিয়ে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়কে শেষবারের মতো ট্রফি হাতে দেখার প্রতীক্ষায় রয়েছেন।