বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশিত : ১২:৫২ পূর্বাহ্ন বুধবার, ১৭ জুন ২০২৬
অনলাইন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি ভিসা জটিলতার সঙ্গেও লড়তে হচ্ছে ইরান দলকে। প্রথম ম্যাচ শেষ হতেই এক ফুটবলারের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে শিবিরে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তোরাবি এখন আর বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি সমাধানে নতুন ভিসার জন্য ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপে অংশ নিতে গিয়েই শুরু থেকেই ভিসা জটিলতায় পড়েছে ইরান দল। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ শুরুতে ভিসা দিতে গড়িমসি করে এবং পরে শর্তসাপেক্ষে অনুমতি দেয়, ম্যাচের দিন এসে খেলা শেষে দ্রুত দেশ ত্যাগ করতে হবে।
এই পরিস্থিতিতে ইরান দল যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোর তিহুয়ানায় বেস ক্যাম্প স্থাপন করেছে। ফলে প্রতিটি ম্যাচ খেলতে তাদের বারবার সীমান্ত পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এর আগে দলের বেশ কয়েকজন কর্মকর্তা ও স্টাফ ভিসা না পাওয়ার অভিযোগও উঠেছিল। এমনকি অধিনায়ক মেহদি তারেমি ও এক স্টাফ সদস্য লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়েন বলেও জানা গেছে।
ইরানের কোচ আমির গালেনোই অভিযোগ করেছেন, বিশ্বকাপে তাদের দলই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। ম্যাচ শেষে বিশ্রামের সুযোগ না দিয়েই দ্রুত মেক্সিকোয় ফিরতে বাধ্য করা হচ্ছে বলে দাবি তার।
গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। সামনে বেলজিয়াম ও মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি এখন ভিসা সমস্যাই দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।