বুধবার, ২৫ মার্চ ২০২৬
প্রকাশিত : ১:২৯ অপরাহ্ন বুধবার, ২৫ মার্চ ২০২৬
অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেন পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে বলেছেন, ‘আমরা হাদি হত্যাকাণ্ডে যুক্ত ছিলাম না’। ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে গত ২২ মার্চ উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় এ দুই অভিযুক্তকে। তারা আদালতকে পরিষ্কার জানিয়ে দেন, ‘এই কাজ করিনি। এ ধরনের কোনো কাজে ছিলাম না।’ এর আগে তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, মার্চের ৭ ও ৮ মধ্যবর্তী রাতে অভিযুক্ত দুজনকেই বাংলাদেশ সীমান্তলাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। ৩৭ বছর বয়সি ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী জেলায় এবং ৩৪ বছর বয়সি আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। দুই অভিযুক্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রমে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং বনগাঁয় আত্মগোপন করেছিলেন।
আসামিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়-সিআইডি কাজ করছে : ডিবিপ্রধান
ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ভারতে গ্রেপ্তার দুজন আসামিকে দেশে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীনে রয়েছে। আসামিদের ফিরিয়ে আনতে সিআইডি ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।